এবার ট্যুরিস্ট সিম কার্ড ছাড়লো বাংলালিংক
এবার আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট সিম কার্ড চালু করলো বাংলালিংক। বাংলাদেশে অবস্থানরত বিদেশী পর্যটকদের জন্য ছাড়া হলো এই সিম কার্ড। ভ্রমণকারীদের বিভিন্ন চাহিদা পূরণে বাংলালিংক এই সিমে ৬টি ভিন্ন প্যাকেজ চালু করেছে অপারেটরটি।
প্যাকেজগুলির মেয়াদ যথাক্রমে ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন। পর্যটকরা স্থানীয় ও আন্তর্জাতিক কল এবং এসএমএস ছাড়াও বাংলালিংক-এর নানা ডিজিটাল সেবা ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের ভিসার মেয়াদ বা ক্রয়কৃত প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পরে ট্যুরিস্ট সিম কার্ডগুলি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোবাইল অপারেটরটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ সিম ও ই-সিম – উভয়ক্ষেত্রেই মিলবে ট্যুরিস্ট সিম কার্ড। এতে জানানো হয়েছে, পর্যটকরা তাদের পাসপোর্ট দেখিয়ে দেশের নির্ধারিত প্রবেশপথ এবং জনপ্রিয় পর্যটন এলাকাগুলো থেকে সর্বোচ্চ দুইটি সিম কার্ড কিনতে পারবেন। বাংলালিংক-এর ট্যুরিস্ট সিম প্যাকেজ সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এই লিংক থেকে।
এ নিয়ে বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “ডিজিটাল অপারেটর হিসেবে বিদেশী পর্যটকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে আমরা এই উদ্যোগটি চালু করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে পর্যটকদেরকে সহজে ও নিরন্তরভাবে সংযুক্ত রাখা, যাতে তারা দেশে জুড়ে বাংলালিংক-এর ওকলা স্বীকৃত দ্রুততম ফোরজি নেটওয়ার্ক ও ডিজিটাল সেবাগুলি উপভোগ করতে পারেন।” গ্রাহকদের জন্য নতুন এবং উন্নত সুবিধা নিয়ে আসার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতার মান বাড়াতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ।







